সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে দুই দিনের রিমান্ড শেষে বিদ্যুতের ট্রান্সফরমারের তিন চোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ রবিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার ভোর রাতে উপজেলার কুতুবপুর এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় তিন জনকে আটক করে জনতা। এ ঘটনায় পিডিপি’র উপজেলা সহকারী প্রকৌশলী মো. আল-আমীন বাদী হয়ে তিনজনের নামে সখীপুর থানায় মামলা করেন।
আসামিরা হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার ফজর আলী (২০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ইকবাল হোসেন (৪০), পাবনার আমিনপুর উপজেলার হেলাল উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, ট্রান্সফরমার চুরির ঘটনায় তিনজনকে দুই দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের কাছ থেকে ২৫০ কেভি’র একটি ট্রান্সফরমার ও চুরির সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে।
উপজেলা পিডিপি’র নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, ট্রান্সফরমার চুরি প্রতিরোধে জনগণকে সচেতন করতে কয়েক মাস ধরে মাইকিং করেছি। যার ফলে ট্রান্সফরমার চুরির সময় তিনজনকে আটক করে জনতা। আমরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, ওরা যে চোর এতে কোনো সন্দেহ নাই। মামলার স্বার্থে অনেক কিছু বলতে পারছিনা। তবে আদালতে ওদের আবারও রিমান্ড চাওয়া হবে।
