কোটা আন্দোলনে শহিদ ইশমামের ভাইকে চাকরি দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হককে জেলা প্রশাসন পরিচালিত চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে চাকরি দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় শহিদ ইশমামের বড় ভাই নিয়োগপ্রাপ্ত মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গত সোমবার আমরা লোহাগড়ার কৃতি সন্তান শহিদ ইশমামের পরিবারের সাক্ষাৎ করি এবং সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।

জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহিদ ও আহত ছাত্রজনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা আহত ছাত্র-জনতার সুচিকিৎসার ব্যবস্থা করেছি, চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তাও দেব। তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।
শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হক বলেন, চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দুই দিনের মাথায় নিয়োগপত্র পেলাম, জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ, লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমান ও সিনিয়র সহকারি কমিশনার পান্না আকতারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights