গাইবান্ধায় শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনে অনিয়ম-কার্যালয় দখলের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
পলাশবাড়িস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনে অনিয়ম ও কার্যালয় দখলের অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে পলাশবাড়ির গোডাউন বাজারের মনোহরপুর বিকেএস মডেল স্কুলে জেলা-উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গোলাম সারোয়ার বিপ্লবকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি বহাল থাকতেই অন্য একটি মহল অবৈধভাবে সাধারণ সভা আহ্বান করে। গত ১৯ সেপ্টেম্বর ডাকা সেই সভায় বর্তমান কমিটিকে বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। যা সম্পূর্ণ অবৈধ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিগত কমিটির সময় মৃত শ্রমিক, কন্যা দায়গ্রস্ত শ্রমিক ও সদস্য ভর্তির ব্যাংকের অর্থ, অবকাঠামো এবং শ্রমিক ইউনিয়ন অফিসের অধিগ্রহণকৃত প্রায় অর্ধ কোটি টাকার হিসাবের সাথে অনেক গরমিল পাওয়া গেছে, যা তদন্তে একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল।

এ ব্যাপারে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিক ইউনিয়ন ৪৯৪-এর সকল সমস্যা সমাধানের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ যৌথবাহিনীর সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, শ্রমিক নেতা আব্দুল ওহেদ, সাজু মিয়া, হোসেন আলী, আফজাল হোসেন, সবুজ মিয়া, ওসমান ও আব্দুল কুদ্দুসসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights