বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুর প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে গাজীপুর শহরের জয়দেবপুর রেলগেইট এলাকায় সংঘর্ষ ও গুলির ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাহাপাড়া এলাকার বিএনপি সমর্থিত সৌরভ গ্রুপের সঙ্গে বিএনপি সমর্থিত মনিরুল ইসলাম সাগর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এসময় রিকশাযোগে যাওয়ার সময় পথচারী ছাবেদ তালুকদার (৫২) গুলিবিদ্ধ হন। প্রতিপক্ষরা সাগর গ্রুপের সফিকুল ইসলাম টিটুকে (৪৫) এলোপাতাড়ি কোপায়। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক গাজীপুর সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহাগরের বিভিন্ন মন্ডপে অর্থ বিতরণের একটি অনুষ্ঠান জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন কালী মন্দিরে চলছিল। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্দির এলাকার বাহিরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ এবং টিটুসহ দুইজন আহত হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাননি, অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights