তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মেলার মধ্যে এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে কাশেম ব্যাপারী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হয়।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে কাসেম, মিলনসহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকাবাইচ দেখতে যায়। এসময় তাদের সঙ্গে এক তরুণী ছিল। ওই তরুণীকে জয়ঝাপ এলাকার কয়েক যুবক বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে কিছু বখাটে যুবক কাশেম বেপারীর বুকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের পেছন দিকে কোপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights