৩ রানে ৫ উইকেট নিয়ে গুলের রেকর্ড কেড়ে নিলেন মুকিম

অনলাইন ডেস্ক
প্রথম চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ফরপম্যাটে বলতেই হবে দারুণ শুরু। এরপর স্পিনার সুফিয়ান মুকিম বোলিং জাদুতে ২০ রানের মধ্যে সব কয়টি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেল ৫৭ রানে। বুলাওয়ায়োতে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশাল ১০ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম এই ম্যাচে গড়েছেন ইতিহাস। তার বোলিং বিশ্লেষণ ২.৪-০-৩-৫। পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি উমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন তিনি। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ওমাইর ইউসুফ ২২ রানে ও সাইম আইয়ুব ৩৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে এসেছেন।

কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ৩৭ রান তুলেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। পঞ্চম ওভারের তৃতীয় বলে মারুমানিকে আব্বাস আফ্রিদি তুলে নেওয়ার পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বাগতিকদের ইনিংস।

৫ থেকে ৯ পর্যন্ত- প্রতি ওভারেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে ৯ম ওভারে দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুকিম। ১১তম ওভারে গিয়ে তিন বলের ব্যবধানে নিয়েছেন ২ উইকেট। ১৬ বলের ব্যবধানে মাত্র ৩ রানে ৫ উইকেট নেন মুকিম। মুকিম ‘শো’র মধ্যে ২টি উইকেট নেন আব্বাস, ১টি করে উইকেট আবরার, হারিস রউফ ও সালমান আগার।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১২.৪ ওভারে ৫৭ (বেনেট ২১, মারুমানি ১৬, মাদান্দে ৯, মেয়ার্স ৩, রাজা ৩; মুকিম ৫/৩, আব্বাস ২/২, সালমান ১/৭, হারিস ১/১৩)

পাকিস্তান: ৫.৩ ওভারে ৬১ ( ওমাইর ২২*, সাইম ৩৬*; এনগারাভা ০১৫, রাজা ০/১১)

ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সুফিয়ান মুকিম (পাকিস্তান)।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights