দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন চিকিৎসকরা।

রবিবার দুপুর সোয়া ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক (অব.) ডা. জাহানারা মুন্নী, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. শাহাব আহমেদ ও গাইনি বিভাগের সহযোগিতা অধ্যাপক ডা. ইশরাত জাহান প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের আন্তরিকতার সাথে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করি। কিন্তু রোগীর স্বজনদের দ্বারা চিকিৎসকদের হামলা, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা এর স্থায়িত্ব সমাধান চাই। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অবস্থান কর্মসূচি পালন শেষে ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচিতে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আহসান আলী সরকার বকুল, সার্জারি বিভাগের ডা. মো. রবিউল আলমসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন সরকারি অধ্যাপকের উপর এক রোগীর স্বজন হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights