দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। সূর্যের দেখা মিললেও শীতের দাপটে কাঁপছে পুরো জেলা। প্রতিনিয়তই হচ্ছে তাপমাত্রার ছন্দপতন। একদিন তাপমাত্রা বাড়ে তো আরেক দিন কমে। কোনো দিন রোদ তো কোনো দিন ঘন কুয়াশা। টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। বইছে হিম বাতাস।

সোমবার সকাল ৬টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে রবিবার এ জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠাণ্ডা বিরাজমান।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত রয়েছে। এছাড়া তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮% এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights