রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম সাকিব (২০) ও মো. রুবেল (৩২)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাত দেড়টার দিকে মিরপুর সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে অভিযান চালানো হয়। শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন ব্যক্তিকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে তখন তারা পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের আটক করে। তাদের দৌঁড়ানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে তাদের তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তারা ৩০ রাউন্ড গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

তিমি আরও জানান, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে ৩০ রাউন্ড গুলি নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights