অবৈধ পুশইন নয় শেখ হাসিনাকে পুশব্যাক করেন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতকে উদ্দেশ করে বলেছেন, আপনাদের নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে অবৈধ পুশইন নয়, স্বৈরাচার শেখ হাসিনাকে পুশব্যাক করেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, যারা বাংলাদেশের টাকা চুরি করে আপনাদের দেশে পালিয়ে গেছেন তাদের সবাইকে পুশইন করেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত ৫০ বছর ধরে তাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাইনি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই। পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে ভারত সরকার।

ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, যদি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী ও দেশের টাকা লুটপাটকারীদের ফেরত না পাঠান তাহলে ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে- এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার জেগে উঠলে ভারতের এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights