তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়।

এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে অনেক ভবনের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভ সমাবেশে বাংলা বিভাগের রাকিবুল ইসলাম বলেন, দেশে নতুন বিশ্ববিদ্যালয় হয় তারা নতুন নতুন ক্যাম্পাস পায়, হল পায় আর আমরা বঞ্চিত হয়ে আসছি। সব ক্যাম্পাসে একাডেমিক, প্রশাসনিক, সুযোগ-সুবিধা পরিবেশের সাথে পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ চিন্তা করা যায় না। আমরা লংমার্চ টু যমুনা করেছি, এত এত আন্দোলন করেছি, মার খেয়েছি তারপরও কাগজে-কলমে কিছু পাইনি।

তিনি আরও বলেন, আমরা অতি শিগগিরই সম্পূরক বৃত্তি ও আবাসন ভাতাসহ দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি দেখতে চাই। জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) আমাদের প্রাণের দাবি। এটা বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য থাকব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসমাইল হোসেন বলেন, আমরা আজকে এখানে এসেছি যমুনার সামনে আন্দোলন শেষে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস ও সম্পূরক বৃত্তির জন্য সরকার আশ্বাস দিয়েছে কিন্তু আজ আগস্ট মাস হলেও সেটা বাস্তবায়ন হয়নি। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, তিন দফা দাবি পূরণ করুন নতুবা আমরা পুনরায় লংমার্চ টু যমুনা ঘোষণা করব।

আইন বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, আমাদের বড় ভাই-বোনেরা এতদিন বৈষম্যের শিকার হওয়ার পরেও আমরা ৫ আগস্টের পরে আবার নতুন করে বৈষম্যের শিকার হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার আমাদের সাথে নাটক করছে। আমরা শিগগিরই এই বৈষম্যের অবসান চাই, নতুবা আগামীতে তিন দফা দাবিতে কঠোর থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights