হঠাৎ মেট্রোরেল বন্ধে দুর্ভোগ

অনলাইন ডেস্ক
রাজধানীতে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যুর পর ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে দুপুর থেকে মেট্রোতে যাতায়াত করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রবিবার দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের মেট্রো স্টেশনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। ওই সময় ফুটপাত দিয়ে হাঁটতে থাকা আবুল কালাম নামের এক ব্যক্তি মারা যান। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। সেদিন আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ল আজ।

মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights