ব্রোঞ্জ পদক নিয়েই নারী কাবাডি বিশ্বকাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে দারুণ লড়াইও করেছেন রূপালী-স্মৃতিরা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের শক্তির কাছে নতি স্বীকার করে ২৫-১৮ পয়েন্টে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ।

প্রথমার্ধে মাত্র ১ পয়েন্টে (৯-৮) পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০-৯ পয়েন্টে এগিয়েও যায় দল। কিন্তু দ্রুতই ম্যাচে ফিরে আসে চাইনিজ তাইপে। সমতায় ফেরার পর ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাদের।

সেমি-ফাইনাল থেকে ছিটকে গেলেও পদক নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেরা চারে উঠার সুবাদেই নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। এটি নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১২ সালে ভারতের পাটনায় প্রথম আসরে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

ম্যাচটিকে ঘিরে আবেগঘন পরিবেশও ছিল লাল-সবুজ শিবিরে। দীর্ঘদিনের সেবাদান শেষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক কাবাডিকে বিদায় জানান রূপালী আক্তার (সিনিয়র)। এবারের আসরে অধিনায়কের দায়িত্বও ছিল তার কাঁধে। শেষ ম্যাচের আগে তাকে সম্মাননা হিসেবে মুকুট পরিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার ফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। এর আগে রবিবার প্রথম সেমি-ফাইনালে ভারত ৩৩-২১ পয়েন্টে হারিয়েছে ইরানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights