মোংলা বন্দরে কৃতিত্বপূর্ণ অবদানে অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক, খুলনা ও মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেল সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ট্রেডিং লি. ও টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি.। গতকাল দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করে বন্দর কর্তৃপক্ষ। এ দুটি প্রতিষ্ঠানের পক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড দুটি গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ম্যানেজার (শিপিং অ্যান্ড লজিস্টিক) এস এম আফজাল ইবনে জাহান। সর্বোচ্চ আমদানিকারক হিসেবে ও সর্বোচ্চ মাশুল প্রদান করায় বসুন্ধরা মাল্টি ট্রেডিং লি. এ সম্মাননা পায়। আর সর্বোচ্চ জাহাজ হ্যান্ডলিং ও সর্বোচ্চ মাশুল প্রদানে আরেকটি সম্মাননা পায় টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি.। এ নিয়ে পরপর তিনবার সর্বোচ্চ পণ্য আমদানিকারক ও সর্বোচ্চ জাহাজ হ্যান্ডলিং অ্যাওয়ার্ড পেয়েছে বসুন্ধরার এ দুটি অঙ্গপ্রতিষ্ঠান। এদিকে মোংলা বন্দরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে বন্দর দিবস গতকাল উদ্যাপিত হয়। দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর হিসেবে ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা পোর্ট নামে বন্দরটি প্রতিষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে বন্দরে প্রশাসনিক ভবনে সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বন্দর চেয়ারম্যান, সুধীজন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সফল বন্দর ব্যবহারকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ প্রায় ১৮ লাখ ২২ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করায় কয়লা আমদানিকারক হিসেবে মেসার্স বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও ৭১টি জাহাজ বন্দরে আনা ও সর্বোচ্চ প্রায় ১৭ কোটি ৪৮ লাখ টাকা মাশুল প্রদানকারী শিপিং এজেন্ট হিসেবে মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।
