ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার কূটনৈতিক মিশন শুরু করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ লক্ষ্যে আগামী দুই দিন তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নূরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।

এর আগে, গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

বাংলাদেশে ফিরে অনুভূতি প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত। সেই বাংলাদেশে আবার ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে এবং প্রতিদিন নিরলসভাবে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights