বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু, রেলক্রসিংয়ের গেট অটোমেটিক করার পরিকল্পনা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (২২ মার্চ) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে অটোমেটিক গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। আগামী বৈঠকে এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে এসব গেট আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট স্থানে ট্রেন পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। কিন্তু এ স্থানে গেটম্যান না থাকায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। অটোমেটিক গেট থাকলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো। দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক এলাকার সব রেলগেট অটো সিস্টেমে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এসময় ইউসুফ মোল্লা টিপু, মো. মোস্তাক মিয়া ও মু. রেজা হাসানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights