‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই’

দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুদিনব্যাপী “৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন (আইসিএমএসসি-২৬)” শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স (বিএসিএমএস)-এর আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “গ্রিন কেমিস্ট্রি অ্যান্ড সাসটেইনেবল ইনোভেশন: ফ্রম মলিকুলার ডিজাইন টু ক্লিন টেকনোলজি”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা। তিনি বলেন, বর্তমান বিশ্বে গবেষণার গুরুত্ব বহুগুণে বেড়েছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। কম্পিউটেশনাল ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত ও জীববিজ্ঞানসহ বিভিন্ন শাখার সমন্বয়ে আধুনিক গবেষণা এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশেষ করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বর্তমানে বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ, নতুন উপকরণ উদ্ভাবন এবং গবেষণার গতি বাড়াতে এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ক্ষেত্রের অবদানের জন্য ইতোমধ্যে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির ইউনিভার্সিটি অব ডুসেলডর্ফের অধ্যাপক ড. ক্রিস্টোফ জানিয়াক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।

এ সময় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোশারফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্সের কো-কনভেনর ও হাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়।

দুই দিনব্যাপী এই সম্মেলনে কী-নোট লেকচার, প্লেনারি টক, টেকনিক্যাল সেশন, পোস্টার উপস্থাপনা এবং প্যানেল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এতে দেশ-বিদেশের প্রায় ৩০০ জন গবেষক, শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights