বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগের ১৩তম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। শিরোপাপ্রত্যাশী ক্লাবগুলোর কাছে এখন প্রতিটি ম্যাচ ফাইনালের মতো। পয়েন্ট হারালেই দৌড় থেকে পিছিয়ে যাবে। তবে অংশগ্রহণকারী ১০ ক্লাবের মধ্যে বসুন্ধরা কিংস সুবিধাজনক অবস্থানে আছে। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ফর্টিস এফসি ২৪ ও ঢাকা আবাহনীর সংগ্রহ ২২ পয়েন্ট। এই তিন দলের মধ্যে শিরোপা লড়াই এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে। এক সময়ে রহমতগঞ্জ রেসে থাকলেও ১৮ পয়েন্টে চতুর্থ স্থানে নেমে আসায় তাদের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। পুলিশের এখন আর সম্ভাবনা নেই বললেই চলে। ১৬ পয়েন্টে তাদের অবস্থান পাঁচে। সবচেয়ে নাজুক অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের। ১১ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে রয়েছে। ১৩ পয়েন্ট পেয়ে ব্রাদার্স ইউনিয়ন আছে ছয়ে। আজ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স সোসাইটির বিপক্ষে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ৩টায়। শক্তির বিচারে কিংস অপ্রতিরোধ্য। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই চিন্তায় থাকাটা স্বাভাবিক। কেননা রহমতগঞ্জ কখনো চ্যাম্পিয়ন না হলেও বড়দের রুখে দেওয়ার গুণটা তাদের রয়েছে। প্রথম লেগে জয় পেলেও মুন্সিগঞ্জে কিংসকে সতর্ক হয়ে খেলতে হবে। প্রথম লেগের তুলনায় কিংস দ্বিতয়ি লেগে বেশ গোছানো। প্রতিটি পজিশনে দলের খেলোয়াড়রা আস্থার পরিচয় দিচ্ছেন। তার পরও ম্যাচে অঘটন কখন ঘটে তা তো বলা যায় না। প্রথম লেগে ফর্টিস যৌথভাবে শীর্ষে থাকলেও এখন তারা কিংসের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। তারা আজ কিংস অ্যারিনায় লড়বে আরামবাগের বিপক্ষে। শিরোপার আশা টিকিয়ে রাখতে জয়টা তাদের খুব জরুরি।

ঢাকা আবাহনীর প্রতিপক্ষ পুলিশ। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শিরোপা রেস থেকে ছিটকে গেলেও পুলিশ বরাবরই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কিংস একমাত্র ম্যাচটি হেরেছে পুলিশের কাছে। সে ক্ষেত্রে আবাহনী সেরাটা দিতে না পারলে আফসোসও করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights