যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ট্রফি জিতলে চাঁদে বল পাঠাবে নাসা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বকাপ। স্বাগতিক দেশ হিসেবে দেশটির ফুটবল দলকেও অন্যতম ফেভারিট বলা যেতে পারে। ইতোমধ্যে তারা শেষ ৩২ এর খেলা নিশ্চিত করেছে, যেখানে বসনিয়া-হার্জেগোভিনা অপেক্ষা করছে। সেই ম্যাচ খেলতে নামার আগে দলকে অনুপ্রাণিত করতে বিশেষ ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ফরাসি সংবাদপত্র লেকিপ ও বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র চলতি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলে নাসা ‘সকার বল’ চাঁদে পাঠানোর ঘোষণা দিয়েছে।

আমেরিকান মহাকাশ সংস্থার প্রশাসক জেরাড আইজ্যাকম্যান মঙ্গলবার এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। দলের সম্ভাব্য বিশ্বকাপ শিরোপাকে স্মরণীয় করে রাখতে এই সংস্থা পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহে একটি অফিসিয়াল বল পাঠাবে বলে জানান তিনি। দলকে উৎসাহ দিয়ে আইজ্যাকম্যান বলেন, ‘এগিয়ে যাও, আমেরিকান দল, করে দেখাও!’

নাসার প্রশাসকের বক্তব্য অনুযায়ী, এই বল কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ রোবোটিক মিশনের মাধ্যমে বহন করা হবে। আগামী কয়েক বছরে চন্দ্রপৃষ্ঠে স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা চীন, জাপান ও রাশিয়ার মতো অন্য দেশগুলোর সঙ্গে মহাকাশ প্রতিযোগিতার অংশ।

এই সংস্থা ইতোমধ্যে অফিসিয়াল ফিফা বল বিশ্বকাপ চলাকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। যদি, আমেরিকান দল জেতে, তাহলে আরেকটি বল আরও বহুদূরে পাঠানো হবে, চাঁদের দেশে!

নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির ম্যানেজার কার্লোস গার্সিয়া-গালান আত্মবিশ্বাসী এই মিশন বাস্তবায়নযোগ্য হবে, ‘এটা হালকা, তবুও আমরা মনে করি সামলাতে পারব। এখন সবকিছু পুরুষ ফুটবল দলের ওপর নির্ভর করছে।’

এখন দেখার অপেক্ষা নাসার এই মিশন সফল করতে আরও একধাপ এগিয়ে যেতে পারে কি না ফুটবল দল। আগামীকাল ৬টায় ক্যালিফোর্নিয়ায় বসনিয়ার মুখোমুখি হবে তারা।

সূত্র : দ্যা সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights