প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
তীব্র লড়াই আর উত্তেজনার ম্যাচ শেষে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জয়সূচক গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।

তীব্র গরমের সতর্কতার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর একটি। কঠিন পরিস্থিতিতেও দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে আটকে রাখে প্যারাগুয়ে। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও বারবার প্যারাগুয়ের শক্ত রক্ষণে থেমে যায় ফরাসিদের প্রচেষ্টা।

শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার সময় ফাউলের শিকার হন তিনি। প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৭০তম মিনিটে স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে সহজেই বল জড়িয়ে দেন জালে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি অধিনায়কের সপ্তম গোল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও দেখা যায়। মাঠেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ফুটবলাররা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পেল ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে শেষ আটের এই মহারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights