মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অন্তত ১০০ পরিবারের মাঝে এসব ত্রাণ
বিতরণ করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর উপজেলার সীমান্তবর্তী খোশালপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মহেশপুর
৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান
ও সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল হক বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভোগের কথা
বিবেচনা করে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিজিবি। তারই ধারাবাহিকতায়
মহেশপুরের সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় ১০০টি
পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী
বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো
দুর্যোগ ও মানবিক সংকটে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে।
মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী
রাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার
দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই
দুর্ঘটনা ঘটে। মৃত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন
দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের
কাজ করছিলেন রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন আকস্মিকভাবে
শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়ে
পড়ে। এ সময় অসাবধানতাবশত ওই দোকানের গায়ে হাত দেন রাম। এতে তিনি
গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় রাখা
হয়েছে।
