মাচায় মাচায় দুলছে ‘চাল কুমড়া’

ধানের জেলা দিনাজপুরে বাড়ছে বিভিন্ন ফসলের পাশাপাশি সবজি চাষ। লাভজনক হওয়ায় ধান বাদ দিয়ে কিছু কৃষক সবজি চাষে ঝুঁকছে। নিরাপদ সবজি চাষে সফলতার পর এবার বীরগঞ্জে ব্যাপক হারে শুরু হয়েছে চাল কুমড়ার চাষ। এখন বীরগঞ্জের বিস্তৃর্ণ মাঠ জুড়ে মাচায় মাচায় দুলছে এই চাল কুমড়া। ধানের চেয়ে চাল কুমড়া চাষে বেশি লাভ এমনটাই বললেন কৃষক ময়নুল ইসলামসহ কয়েকজন।

মৌসুমের শুরু থেকেই বাজারে চাহিদা থাকায় স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বীরগঞ্জে উৎপাদিত চাল কুমড়া। আবহাওয়া ভালো থাকায় এবং রোগ বালাইয়ের আক্রমণ কম হওয়ায় বাম্পার ফলনের আশা করছে চাল কুমড়া চাষীরা। লাভজনক হওয়ায় আগামীতে আরও বাড়বে এর চাষ বললেন কৃষকরা।

বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির দক্ষিণ পলাশবাড়ী গ্রামের চাল কুমড়া চাষী তোফাজ উদ্দিন জানান, এ বছর ২০ শতক জমিতে চাল কুমড়ার চাষ করেছি। চাষ, সার, ওষুধ সহ আমার খরচ হয়েছে প্রায় ১৯-২০ হাজার টাকা। সপ্তাহে ৪৫০-৫০০ পিচ কুমড়া পাই। পাইকারী দরে প্রতি পিস চাল কুমড়া ১৮-২২ টাকায় খেত হতে পাইকারী ব্যবসায়ীর কাছে নগদ টাকায় বিক্রি করেছি। এতে কোন ঝামেলা নেই, ভালো লাভ হয়েছে। এর মধ্যেই চাল কুমড়া চাষের প্রায় সব খরচের টাকাও উঠেছে।
অপরদিকে চাল কুমড়া চাষী ময়নুল ইসলাম বলেন, গত বছর যে জমিতে ধান রোপন করেছিলাম এবার সেই জমিতে চাল কুমড়া আবাদ করেছি। ধানের চেয়ে চাল কুমড়ায় চাষে বেশি মুনাফা পেয়েছি। এখনও মাসব্যাপী ফল বিক্রি করতে পারব আশা করা যায়। অন্য ফসলের চেয়ে লাভের পরিমান বেশি হওয়ায় আগামী মৌসুমে চাল কুমড়া চাষের পরিমান বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।

কৃষি অফিস জানায়, বীরগঞ্জে আবাদি জমির পরিমান ৩২হাজার ৮৯৬ হেক্টর। এর মধ্যে এবার চাল কুমড়াসহ সবজি চাষ হয়েছে ১হাজার ৭৫০ হেক্টর জমিতে। এবার সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ১হাজার ৮শত হেক্টর জমি।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জিত কুমার পাল বলেন, কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সবজি চাষের ক্ষেত্রে কৃষকদের অবদান বেশি। বিশেষ করে কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিরাপদ সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। ভালো বীজ নির্বাচন এবং সঠিক পরিচর্যার বিষয়ে পরামর্শসহ সবধরণের সহযোগিতা প্রদানে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights