বাব এল-মানদেব ও হরমুজে নৌ চলাচল স্থবির

অনলাইন ডেস্ক

লোহিত সাগর উপকূলে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার পর আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুযায়ী, লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মানদেব প্রণালি দিয়ে গত ২৬ জুলাই মাত্র ১১টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

এর প্রভাবে সৌদি আরবের তেল রপ্তানিও ব্যাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কেপলারের তথ্য অনুযায়ী, ২৬ জুলাই বাব এল-মানদেব অতিক্রম করা ১১টি জাহাজের মধ্যে সাতটি ছিল তেলবাহী ট্যাঙ্কার। এর মধ্যে তিনটি ট্যাঙ্কার লোহিত সাগরে প্রবেশ করছিল। এর দুটি ছিল অতিবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি), যা সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যটি ছিল রাশিয়া-সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার।

অন্যদিকে, লোহিত সাগর ছেড়ে যাওয়া চারটি জাহাজের মধ্যে হংকংয়ের পতাকাবাহী ভিএলসিসি নিউ এক্সপ্লোরার ২০ লাখ ব্যারেল সৌদি ও আমিরাতি তেল নিয়ে পূর্ব চীনের নিংবো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া চীন ও পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়া আরও দুটি তেলবাহী ট্যাঙ্কারও বাব এল-মানদেব প্রণালি অতিক্রম করেছে।

হুথিদের ঘোষিত নৌ অবরোধের পর এটি চতুর্থ চীনা গন্তব্যের সুপারট্যাঙ্কার। যেটি ২০ লাখ ব্যারেল সৌদি তেল নিয়ে বাব এল-মানদেব হয়ে চীনের ঝৌশান বন্দরের দিকে যাচ্ছে।

জাহাজটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মেরিটাইম হংকং এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, ২৫ জুলাই জিজান ও ইয়ানবু শহরে সৌদি আরামকোর তেল স্থাপনাগুলো লক্ষ্য করে তারা বড় ধরনের হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে সরাসরি হামলা স্থগিত রাখলেও তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহে প্রতিদিন গড়ে ১০টিরও কম জাহাজ এই প্রণালি ব্যবহার করেছে।

২৬ জুলাই হরমুজ প্রণালী অতিক্রম করেছে মাত্র সাতটি জাহাজ। এর মধ্যে তিনটি ছিল ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার। আগের দিন, ২৫ জুলাই ঝুঁকি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে মাত্র তিনটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights