বারকোলা নয়, আগে সালাহর উত্তরসূরি খোঁজা উচিত : ক্যারাঘার

অনলাইন ডেস্ক

মোহাম্মদ সালাহর বিকল্প খুঁজে বের করাকেই লিভারপুলের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। তার মতে, প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়ানোর আগে ডান প্রান্তের জন্য একজন উপযুক্ত খেলোয়াড় খুঁজে বের করা প্রয়োজন।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারকোলার জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে লিভারপুল। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২২ বছর বয়সী এই ফরাসি উইঙ্গারের মূল্য প্রায় ১৫০ মিলিয়ন ইউরো নির্ধারণ করেছে পিএসজি।

তবে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারাঘার বলেন, “বারকোলা অসাধারণ একজন খেলোয়াড়, তাকে লিভারপুলে দেখতে অবশ্যই ভালো লাগবে।”

কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের আপত্তির জায়গাটিও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “আমার মতে, সে মূলত বাঁ প্রান্তের খেলোয়াড়। অথচ সালাহ গত নয় বছর ধরে ডান প্রান্তে খেলেছে। তাই এই মুহূর্তে লিভারপুলের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো সালাহর জায়গার একজন বিকল্প খুঁজে বের করা।”

বর্তমানে বাঁ প্রান্তে কোডি গাকপো, তরুণ রিও এনগুমোহা এবং নতুন যোগ দেওয়া ভিক্টর মুনিয়োজের মতো বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন ক্যারাঘার। তার দাবি, ডান প্রান্তে সেই মানের স্বাচ্ছন্দ্যপূর্ণ কোনো খেলোয়াড় এখন স্কোয়াডে নেই।

তিনি বলেন, বারকোলা এলে বাঁ দিকের জন্য আরও একটি বিকল্প পাওয়া যাবে। কিন্তু এতে সালাহর শূন্যতা পূরণ হবে না। তবে বারকোলা এবং একজন ডান প্রান্তের উইঙ্গার দুজনকেই দলে আনতে পারলে সেটিকে আদর্শ পরিস্থিতি বলেই মনে করি। যদি বারকোলার পাশাপাশি একজন রাইট উইঙ্গারও আসে এবং এরপর বর্তমান স্কোয়াডের দুইজন উইঙ্গারকে বিক্রি করা হয়, তাহলে সেটা দারুণ একটি পরিকল্পনা হবে।

১৭ বছর বয়সী রিও এনগুমোহার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ক্যারাঘার। সাম্প্রতিক প্রীতি ম্যাচে রেক্সহ্যামের বিপক্ষে গোল করা এই তরুণকে নিয়মিত খেলার সুযোগ দেওয়ার ওপর জোর দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights