ইরানকে চুক্তির ‘শেষ সুযোগ’ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

হয় একটি ভালো চুক্তি করতে হবে, নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ মেনে নিতে হবে। পারমাণবিক অস্ত্র এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের সামনে চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ।

ট্রাম্প দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বিশেষ করে কাতারের সমর্থনে এবং খোদ ইরানের অনুরোধেই বর্তমানে আলোচনা চলছে। ট্রাম্পের সাফ কথা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ইরানকে কোনোভাবেই টোল বা ফি বসাতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘প্রণালিটি অবশ্যই উন্মুক্ত থাকতে হবে। কেউ যদি ফি আদায় করে, তবে সেটি আমরাই করব; কারণ পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানি নেতাদের ‘ভয়ংকর প্রতারক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তারা একদিকে বৈঠকের জন্য অনুনয়-বিনয় করছে, অন্যদিকে প্রকাশ্যে আলোচনার কথা অস্বীকার করে বলছে—তারা কেবল ‘ওমান’-এর সঙ্গেই কাজ করছে। প্রণালিটি শক্ত হাতে পরিচালনার যে ফাঁকা বুলি ইরান আওড়াচ্ছে, সেটা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘ইস্পাতের দেয়াল’ বা কঠোর অবরোধের কারণে তাদের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হরমুজ প্রণালিতে প্রবেশ করতে পারবে না। দশকের পর দশক ধরে তৈরি করা এই সংকটের একমাত্র সমাধান হিসেবে ‘চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ’-এর কথা উল্লেখ করেন ট্রাম্প। সবশেষে তিনি চূড়ান্ত ঘোষণা দেন—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights