পাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক

‎তরুণ সমাজের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণধর্মী মনন, নেতৃত্বের গুণাবলি এবং শালীন মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাদকবিরোধী প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখা। পাস্ট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাদক সমস্যার কারণ ও দায় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতার্কিকরা।
‎
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্যালারি-২ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, ‘মাদকের জন্য ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্র বেশি দায়ী।’

এ বিতর্কে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করেন বিতার্কিক সুব্রত কুমার পাল, ইয়ারুন্নেসা মুক্তি, মাহেবী হাসান এবং বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করেন বিতার্কিক সুস্মিতা বিশ্বাস, উম্মে আসমা অনন্যা, আবদুর রাজ্জাক সিআভ। বিতর্কে উভয়দলের দলের বিতার্কিকরাই নিজেদের যুক্তি তুলে ধরেন। ফলাফলে বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় বিরোধী দল এবং রানারআপ হয় সরকারি দল।
‎
‎বিতর্কে সরকারি দলের সদস্যরা বলেন, ‘মাদকাসক্তি কেবল ব্যক্তির ব্যর্থতা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ব্যর্থতার প্রতিফলন। পারিবারিক অবহেলা, বেকারত্ব, মানসিক চাপ, খারাপ সঙ্গ, শিক্ষার অভাব এবং সহজলভ্য মাদক একজন মানুষকে আসক্তির দিকে ঠেলে দেয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, দুর্বল আইন প্রয়োগ, মাদক ব্যবসায়ীদের প্রভাব এবং তরুণদের জন্য সুস্থ বিনোদন ও কর্মসংস্থানের অভাবও এ সমস্যাকে জটিল করে তোলে। তাই রাষ্ট্রের কার্যকর আইন প্রয়োগ, পুনর্বাসন ব্যবস্থা এবং সমাজের সচেতন ভূমিকা অপরিহার্য বলে তারা মত দেন।’
‎
‎অন্যদিকে বিরোধী দলের সদস্যরা বলেন, ‘মাদক গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্তির নিজের। একই পরিবেশে বেড়ে ওঠা সবাই মাদকাসক্ত হয় না; ব্যক্তির মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সমাজ সহায়ক ভূমিকা পালন করতে পারে, তবে মাদক গ্রহণের দায় শেষ পর্যন্ত ব্যক্তিরই। অন্যথায় ব্যক্তিগত দায়িত্ববোধ দুর্বল হয়ে পড়বে বলেও তারা যুক্তি তুলে ধরেন।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বী, সাবেক সহ-সভাপতি রেজওয়ানুল হক।
‎
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাচর্চা, সামাজিক সচেতনতা এবং মাদকবিরোধী জনমত গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। এ ছাড়া সারাদেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ নানান সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। পাবিপ্রবিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এসময় বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, রাকিব আল হাসান, সামিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights