ইরানের হামলা এড়াতে অ্যাড ট্র্যাকার নিষ্ক্রিয় করছে মার্কিন সেনা

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার পর নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। কর্মকর্তাদের গতিবিধি নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য মোবাইল ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপন সংক্রান্ত ট্র্যাকার ‘অ্যাডভারটাইজিং আইডেন্টিফায়ার’ নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তারা।

উপসাগরীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে বাণিজ্যিকভাবে লভ্য লোকেশন ডেটা বা অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহারের খবর প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন সিনেটর রন ওয়াইডেনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিমানবাহিনী ওয়াইডেনকে জানিয়েছে, তারা দুই মাস আগেই কম্পিউটার ও মোবাইল ফোন থেকে বিজ্ঞাপন শনাক্তকারী কোড বা ‘অ্যাডভারটাইজিং আইডেন্টিফায়ার’ নিষ্ক্রিয় করেছে। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড একটি পৃথক চিঠিতে জানিয়েছে, তারা সম্প্রতি উইন্ডোজচালিত ডিভাইসগুলোতে এটি নিষ্ক্রিয় করেছে। এছাড়া সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই মোবাইল ডিভাইসের সাথে যুক্ত বিজ্ঞাপন আইডিগুলো নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

ওরেগনের ডেমোক্র্যাট আইনপ্রণেতা ওয়াইডেন বেশ কয়েক মাস ধরেই পেন্টাগনের ওপর এ বিষয়ে চাপ সৃষ্টি করে আসছেন। তিনি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হিসেব উপস্থাপন করেন। বিজ্ঞাপন শিল্প কর্তৃক সংগৃহীত এবং ডেটা ব্রোকারদের (যারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও পুনঃবিক্রয় করে) মাধ্যমে বিক্রি করা লোকেশন ডেটা বা অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা সামরিক কর্মীদের গতিবিধি ট্র্যাক করা এবং তাদের লক্ষ্যবস্তু বানানো সম্ভব।

বিমান বাহিনী এবং স্পেশাল অপারেশনস কমান্ড এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে ওয়াইডেনকে পাঠানো অনুরূপ চিঠিতে বলা হয়েছে, তারা সামরিক ডিভাইসে ‘অ্যাডভারটাইজিং আইডি’ (বিজ্ঞাপন সংক্রান্ত শনাক্তকারী কোড) নিষ্ক্রিয় করেছে। তবে ঠিক কবে থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারে অ্যাডভারটাইজিং আইডি ২০২১ সালের আগে থেকেই ব্লক করা ছিল, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ও অ্যাপল মোবাইল ডিভাইসে এটি ডিফল্টভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। স্মার্টফোন থেকে তৈরি হওয়া লোকেশন ডেটা বা অবস্থানের তথ্য সীমিত করার এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন সামরিক কর্মকর্তারা সামগ্রিকভাবে ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

জুলাই মাসে রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কিছু কর্মীকে তাদের ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। কারণ হিসেবে বলা হয়েছিল, ইন্টারনেটে তাদের পোস্ট করা মোবাইল ভিডিওগুলো ইরানকে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করছিল। ওয়াইডেন এবং নর্থ ক্যারোলিনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান পেন্টাগনের কাছে একটি চিঠি পাঠিয়ে লোকেশন ডেটা বাণিজ্যের ঝুঁকি মোকাবিলায় সামরিক বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান।

সামরিক ডিভাইসে অ্যাডভারটাইজিং আইডি নিষ্ক্রিয় করার বিষয়ে বিভিন্ন বাহিনীর নেওয়া পদক্ষেপের হালনাগাদ তথ্যও ওই চিঠিতে অন্তর্ভুক্ত ছিল। এক বিবৃতিতে ওয়াইডেন বলেন, এটি স্পষ্ট সামরিক বাহিনীর এসব প্রচেষ্টা ও হুমকি মোকাবিলায় কার্যকর হয়নি। হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের এমন সুযোগ থাকা উচিত নয়, তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন তথ্য কিনে নেবে, যা তাদের মার্কিন সেনাদের গতিবিধি ট্র্যাক করতে সহায়তা করে। পেন্টাগন এক ইমেইলে জানিয়েছে, তারা আইনপ্রণেতাদের সরাসরি এ বিষয়ে জবাব দেবে।

মোবাইল অ্যাডভারটাইজিং আইডি হলো নির্দিষ্ট ডিভাইসের সাথে যুক্ত এক ধরনের অনন্য শনাক্তকারী কোড। এর মাধ্যমে বিভিন্ন মোবাইল অ্যাপে কোনো ব্যক্তির কার্যকলাপ ট্র্যাক করা এবং তাদের প্রকৃত অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব। গোপনীয়তা-কেন্দ্রিক বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি ‘ডিক্রিপ্টঅ্যাডস’-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেছেন, সামরিক বাহিনীর ব্যবহৃত ডিভাইসগুলোতে ‘অ্যাডভারটাইজিং আইডেন্টিফায়ার’ নিষ্ক্রিয় করার উদ্যোগটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

এই বিধিনিষেধের ফলে বিভিন্ন বিক্রেতা প্রতিষ্ঠানের মাধ্যমে যে বিপুল পরিমাণ ডেটা বিক্রি করা হয়, তাতে সংশ্লিষ্ট কর্মীদের অবস্থান-সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত হবে না। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, অন্যান্য জটিল উপায়ে যেমন ডিভাইসের কারিগরি তথ্যের সাথে নেটওয়ার্ক ডেটা বা অবস্থান-সংক্রান্ত তথ্যের সমন্বয় (ট্রায়াঙ্গুলেশন) ঘটিয়ে অ্যাপের মাধ্যমেও কর্মীদের ট্র্যাক করা সম্ভব হতে পারে।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights