তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন প্রতিবেদক

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তাঁর শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। সার্কের স্বপ্নদ্রস্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী করতে ছেয়েছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্যোগও নিয়েছিলেন তিনি।

এ্যানি চৌধুরী আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত। ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights