আয়ারল্যান্ড ক্রিকেটে নতুন দায়িত্বে অভিজ্ঞ এড জয়েস

অনলাইন ডেস্ক
আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে এড জয়েসকে হাই পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। নতুন দায়িত্বে জয়েস তাৎক্ষণিকভাবে যোগ দিচ্ছেন। জাতীয় পুরুষ দলের কোচিংয়ের পাশাপাশি দেশটির পুরুষ ক্রিকেটের প্রতিভা উন্নয়ন কার্যক্রমেও যুক্ত থাকবেন তিনি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড, দুই দেশের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলা জয়েস ২০১৮ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেন। অবসরের পরপরই আয়ারল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে পদত্যাগ করেন।

আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে দায়িত্ব শেষ করার পর কাউন্টি ক্রিকেটে গ্লস্টারশায়ারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন জয়েস। পাশাপাশি ইটিপিএলে ডাবলিন গার্ডিয়ানসের সঙ্গেও ব্যাটিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। সম্প্রচারক হিসেবেও কাজ করেছেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জয়েস বলেন, খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর আয়ারল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা তার অন্যতম অগ্রাধিকার ছিল।

তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর আয়ারল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা আমার অন্যতম অগ্রাধিকার ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আয়ারল্যান্ড পুরুষ দলের দিকে তাকালে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো খেলোয়াড় তৈরি করতে পর্দার আড়ালে কতটা কঠোর পরিশ্রম হয়েছে, তা স্পষ্টভাবে দেখা যায়।”

“এই কাজে যুক্ত হতে এবং ব্যাটিং গ্রুপকে আরও এগিয়ে নিতে কিছু অভিজ্ঞতা ও জ্ঞান যোগ করতে পারব বলে আমি আশাবাদী। প্রতিভা আছে, এখন লক্ষ্য ধারাবাহিকতা,” যোগ করেন জয়েস।

পুরুষ দলের প্রধান কোচ গ্যারি উইলসন এবং হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্টের সঙ্গে কাজ করবেন জয়েস।

আয়ারল্যান্ড পুরুষ দলের সর্বশেষ আন্তর্জাতিক সূচি ছিল ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। গত আগস্টে অনুষ্ঠিত সেই সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। সিরিজের একটি ম্যাচ ফলাফলহীন ছিল।

দলের সামনে এখন বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ের আগে দলের ব্যাটিং বিভাগে জয়েসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আয়ারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights