গাজীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মা-শিশুকে উদ্ধার করলো আনসার
অনলাইন ডেস্ক
গাজীপুর সদর উপজেলার একটি তৈরি পোশাক কারখানার সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারী ও তার পাঁচ বছরের ছেলেকে উদ্ধার করে স্বজনের কাছে পৌঁছে দিয়েছেন দুই আনসার সদস্য।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ফ্লাক্সেন ড্রেস মেকার লিমিটেড কারখানার সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. স্বপন মিয়া ও তাপস বৈদ্য। এসময় রাস্তার পাশে ওই নারী ও শিশুকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান।
পরে জানা যায়, ওই নারীর নাম বন্যা আক্তার (৩৬)। তিনি ওই কারখানার কর্মী। আনসার সদস্যরা শিশুটির কাছ থেকে জানতে পারেন- কারখানার ছুটির পর মা-ছেলে সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। চালক তাদের অন্যত্র নিয়ে গিয়ে পানির সঙ্গে চেতনানাশক খাওয়ান বলে অভিযোগ। এরপর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নাকফুল ও সোনার চেইন নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান বলে জানা যায়।
অচেতন মা-ছেলেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য পাশের একটি দোকানের বারান্দায় নিয়ে যান আনসার সদস্যরা। সেখানে মশার কয়েল জ্বালানোর পাশাপাশি বন্যাকে রুটি, কলা, পানি ও তেঁতুলের টক খাইয়ে চেতনা ফেরানোর চেষ্টা করেন তারা।
এসময় নিরাপত্তার কথা বিবেচনা করে বন্যার ব্যাগে থাকা নগদ ৩০০ টাকা ও মোবাইলের চার্জার নিজেদের হেফাজতে রাখেন আনসার সদস্যরা। পরে সকালে বন্যা কিছুটা সুস্থ হলে তাঁর দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হয়। ভিডিও কলের মাধ্যমে নারায়ণগঞ্জে থাকা তাঁর ভাই, বোন ও ভাগ্নেকে শনাক্ত করেন আনসার সদস্যরা।
সকাল ৮টার দিকে বন্যার ভাই ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে মা ও শিশুকে তাঁর কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। দুই আনসার সদস্যের এই তৎপরতায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
