পাকিস্তানে মহাসড়কে বন্দুকের মুখে লুটের শিকার করাচি ফুটবল দল
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকের মুখে লুটের শিকার হয়েছে করাচির একটি ফুটবল দল। কোয়েটায় একটি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথে মাস্তুং ও সারিয়াবের মধ্যবর্তী মহাসড়কে সশস্ত্র ব্যক্তিরা বাস থামিয়ে খেলোয়াড়দের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ফুটবল দলটি মুখ্যমন্ত্রীর গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল। সোমবার সন্ধ্যায় প্রায় এক ডজন সশস্ত্র ব্যক্তি তাদের বাস থামায়।
দলের ম্যানেজার জুলফিকার আলী ভুট্টো জানান, সশস্ত্র ব্যক্তিরা বাসের সবাইকে নিচে নামতে বাধ্য করে। এরপর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় কয়েকজন যাত্রীকে ধাক্কা বা আঘাতও করা হয়।
কোয়েটায় পৌঁছে বিষয়টি বেলুচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়। লুটের ঘটনায় খেলোয়াড়দের কাছে কোনো টাকা অবশিষ্ট ছিল না। পরে ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ করে তাদের দৈনিক ভাতার ব্যবস্থা করেন।
সিন্ধু ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মুহাম্মদ আজম জানান, নিরাপত্তা পরিস্থিতির কারণে দলটিকে বাস বা ট্রেনে কোয়েটায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট দলটি সেই সতর্কতা উপেক্ষা করে যাত্রা করে।
তিনি জানান, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া ফুটবল অ্যাসোসিয়েশনও প্রতিযোগিতায় নিজেদের দল পাঠায়নি। বেলুচিস্তানের মাস্তুং থেকে কোয়েটাগামী মহাসড়কটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাঝুঁকিপূর্ণ।
করাচির ফুটবল দলের ওপর হামলার কয়েক দিন আগেও ডেরা বুগতি এলাকা থেকে স্থানীয় দুই ক্রিকেটার অপহরণের ঘটনা ঘটে। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
