হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করলেন মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হয়।

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী মীর হেলাল। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights