এলো অনুপমের নতুন অ্যালবাম

অনলাইন ডেস্ক

দুর্গাপূজার আমেজ ছড়িয়ে দিতে নতুন একক অ্যালবাম ‘ব্যথা নেই’ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। আটটি গানের সমন্বয়ে তৈরি এই অ্যালবামটি সম্প্রতি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরু থেকেই ‘অবাস্তব প্রেম’ ও ‘শান্তিনিকেতন’-এর মতো জনপ্রিয় গানগুলো একে একে প্রকাশ পেয়েছিল। সেই ধারাবাহিকতায় অ্যালবামের শিরোনাম গান ‘ব্যথা নেই’ প্রকাশের মাধ্যমে পুরো অ্যালবামটির আত্মপ্রকাশ ঘটল।

কবি ভাস্কর চক্রবর্তীর বিখ্যাত পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি রচনা করেছেন অনুপম নিজেই। মেলোডি ও পাশ্চাত্য লোকসংগীতের আবহ তৈরি করে নির্মিত এই গানটিকে তিনি নিজেকে নিরাময় বা হিলিংয়ের গান হিসেবে উল্লেখ করেছেন। নতুন জীবন ও পারিবারিক আনন্দের পটভূমিতে অ্যালবামটি গায়কের কাছে বিশেষ অর্থ বহন করছে। গত ১৭ আগস্ট অনুপম রায় ও প্রস্মিতা পাল দম্পতির কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। গায়ক জানান, জীবনের পুরনো কষ্ট মুছে ফেলে স্বস্তির জায়গায় পৌঁছানোর অনুভূতি থেকেই তিনি এই অ্যালবামের নাম দিয়েছেন ‘ব্যথা নেই’।

ষোল বছর আগে ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের বিখ্যাত গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অলরাউন্ডার শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights