সংবিধান সংশোধন কমিটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে

বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানাবে। কমিটি সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের পর্যায়ক্রমে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাবে এবং এ বিষয়ে তাদের মতামত নেবে।

রবিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটির পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদানকারী শ্রমজীবী মানুষের প্রতিনিধিগণ এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কমিটিতে উত্থাপন করেন। কমিটি বৈঠকে আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে সেটি কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য সাকিলা ফারজানা, এমপি এবং মো. মাহমুদুল হক রুবেল, এমপি উপস্থিত ছিলেন। কমিটির বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংশোধন সম্পর্কিত বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো এবং লিখিত আকারে কমিটিতে পাঠানো প্রস্তাবগুলো কমিটির প্রস্তুতকৃত রিপোর্টে উল্লেখ থাকবে। বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights