জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে কয়েক বছর লাগতে পারে: আরামকো সিইও
অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির চলমান সংকট সামনে আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা ‘আরামকো’।
সংস্থাটির প্রধান নির্বাহীর মতে, জরুরি ব্যবস্থার অধীনে উত্তোলন করা বৈশ্বিক জ্বালানি মজুত আগের জায়গায় ফিরিয়ে নিতে অন্তত দুই বছর সময় লেগে যেতে পারে।
সোমবার লন্ডনে আয়োজিত বিশ্বখ্যাত ‘এনার্জি ইন্টেলিজেন্স’ সম্মেলনে এসব কথা বলেন আরামকোর প্রধান নির্বাহী (সিইও) আমিন নাসের।
আমিন নাসের বলেন, ‘যতক্ষণ না হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হচ্ছে এবং বাজারে আত্মবিশ্বাস ফিরে আসছে, ততক্ষণ অপরিশোধিত তেলের বাজার ও বিশ্ব অর্থনীতি-উভয় দিক থেকেই জ্বালানির ওপর চাপ আরও বাড়বে।’
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরবরাহ শৃঙ্খলের অবস্থা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘এমনকি হরমুজ প্রণালি স্বাভাবিক হলেও, সাধারণ বৈশ্বিক চাহিদা মেটানোর পাশাপাশি খালি হয়ে যাওয়া জরুরি মজুতগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে।’
বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতার কারণে তেলের বিশ্ববাজারে এই অস্থিরতা ও সরবরাহ সংকট কাটতে দীর্ঘ সময় লাগতে পারে।
সূত্র: আল-জাজিরা।
