প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো পাকিস্তান সফর শুরু করেছেন ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছান। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশটিতে ভ্যাটিকান সিটির কোনো শীর্ষ কূটনীতিকের এটিই প্রথম সফর। খবর আনাদোলু এজেন্সির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালাহার হলি সির (ভ্যাটিকান) রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী শনিবার পর্যন্ত চলা এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন গ্যালাহার। বৈঠকে আন্তধর্মীয় সম্প্রীতি, সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ভ্যাটিকানের এই শীর্ষ কূটনীতিকের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যালাহারের এই সফর পাকিস্তান ও হলি সির দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের যৌথ অঙ্গীকারও প্রতিফলিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights