শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেয়েদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আরও বড় অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার ঢাকায় লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি দেখতে চাই, আমাদের মেয়েরা খেলাধুলার অঙ্গনে আরও বড় অবদান রাখছে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেটসহ যে যে খেলায় শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে, তাদের সেই সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের প্রিয়, আমাদের আদরের এবং আমাদের গর্ব। আমরা চাই, তারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণ করুক। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকার সহযোগিতা করতে আগ্রহী। এক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।

ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাকে আমন্ত্রণ জানালে তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এছাড়া, অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights