গাংনী সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধার মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে শেওড়াতলা সীমান্তের ১৪৪/৪-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রে বিজিবি জানতে পারে, ভারতের বিজয় মাঠপাড়া ১১ ব্যাটালিয়ন ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে সকাল ছয়টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রয়েছেন।
এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
