উদীচী ঢাকা মহানগর চতুর্দশ সম্মেলনের উদ্বোধন
সাংস্কৃতিক প্রতিবেদক
‘ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’’— স্লোগানে অনুষ্ঠিত হলো উদীচী ঢাকা মহানগর চতুর্দশ সম্মেলনের উদ্বোধন পর্ব।
শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার।
জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ররবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, গণসঙ্গীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।
উদ্বোধন ঘোষণার পরে উদীচী ঢাকা মহানগর সংসদের বন্ধুদের নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সেগুনবাগিচা এবং পুরানো পল্টন এলাকা পরিভ্রমণ করে। সম্মেলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে।
সরকার কিভাবে এদেশে একের পর এক সাম্প্রদায়িকতার পৃষ্টপোষকতা করেছে সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা। সংস্কৃতির বিকাশ ব্যতীত রাষ্ট্র অগ্রসর হতে পারবে না বলে তারা মত প্রকাশ করেন।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খান। দ্বিতীয় সেশনে মহানগরের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে। নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শেষ হবার পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে চতুর্দশ সম্মেলন।
