সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও ডাকাতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মো. কবির (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গঙ্গাপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া মাদকসেবী হিসেবে ১৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনে সরোয়ার আজিম (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মো. সাগর ওরফে আকাশ (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতির অভিযোগে আসিফ (২৬) ও বকুল (২৬) নামের দুজন এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. সবুজ মিয়া (৩৩) ও মো. কবির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি আব্দুল বারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights