খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
অনলাইন ডেস্ক
খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় মোটরসাইকেল দু্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আলভীর মোটরসাইকেলটি দেয়ালে ধাক্কা খায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তার বাবা বাবুল আক্তার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আলভী। এ সময় মোটরসাইকেলসহ পাশের একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলভীর খালা পরিচয় দেয়া এক নারী জানান, আলভী এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছেন। তবে দুর্ঘটনার রাতে কেন বা কী কাজে তিনি বাইরে গিয়েছিলেন তা তার জানা নেই।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপি’র ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
