ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অ.দা.) মোছা : জিন্নাতারা ইয়াসমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
