ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক পুলিশ কনস্টেবল নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক হিটলার বিশ্বাস (৩৫) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
তিনি গোপালগঞ্জ জেলা সদরের ডোমরাসুর গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে এবং ঢাকা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পূজার ছুটিতে পারিবারিক প্রয়োজনে ঢাকা থেকে মোটরসাইকেলে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস নিহত হয়েছেন। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
