রশিদ-কেএল রাহুলদের কাতারে আমিরাতের তরুণ ক্রিকেটার

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আয়ান খান ‘রেড বুল’ পরিবারের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি বাড়ানোর পাশাপাশি দেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারবেন।

এই অলরাউন্ডার সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন এবং পাঁচ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছেন। তিনি বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়াকে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। ‘গালফ নিউজ’-কে আয়ান বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেড বুলের সাথে যুক্ত হওয়া আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের একটি অত্যন্ত বিশেষ মাইলফলক।

আয়ান তার এই সাফল্যের জন্য আল্লাহ এবং নিজের পরিবার, বিশেষ করে তার মায়ের দোয়া ও নিরন্তর সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন। তিনি আশা করেন, এই অংশীদারিত্ব তাকে আরও বড় দর্শকদের কাছে পৌঁছাতে, গর্বের সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করতে এবং তরুণ ক্রিকেটারদের তাদের লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে সাহায্য করবে।

তিনি বলেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি আশা করি রেড বুলের সাথে এই অংশীদারিত্ব আমাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে। গর্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করতে এবং তরুণ ক্রিকেটারদের তাদের স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে ও তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তিনি মনে করেন, এই অভিজ্ঞতাগুলো তাকে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও মানসিক শক্তি অর্জনে সহায়তা করেছে।

এই ক্রিকেটার আরও বলেন, বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের বিপক্ষে খেলার ফলে আমি প্রস্তুতি, শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং চাপের মুখে মানসিকভাবে শক্তিশালী থাকার গুরুত্ব বুঝতে পেরেছি। প্রতিটি ম্যাচ ও টুর্নামেন্ট আমাকে মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে এবং আমার উন্নতির জায়গাগুলো খুঁজে পেতে সাহায্য করেছে। এই অভিজ্ঞতাগুলো আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এবং একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে।

আয়ানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ২০২২ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেন এবং সেই সময়ে দেশটির সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন। অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়, যেখানে আয়ান ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার অর্জন করেছিলেন।

আয়ানের মতে, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করার সুযোগ কেবল ব্যক্তিগত স্বীকৃতির ক্ষেত্রেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটের সামগ্রিক প্রসারেও ভূমিকা রাখতে পারে। এটি খেলাটিকে আরও পরিচিতি দেবে এবং উদীয়মান প্রতিভাদের সামনে তুলে ধরবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে অনেক তরুণ প্রতিভা রয়েছে। আমার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জনের বিশাল সম্ভাবনা এই দেশটির রয়েছে।

আয়ান খান এখন রশিদ খান, কেএল রাহুল, বেন স্টোকস, স্মৃতি মান্ধানাসহ আরও অনেক বড় তারকার কাতারে যুক্ত হলেন। যারা ‘রেড বুল’ অ্যাথলেট হিসেবে ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য এটি একটি বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights