‘প্রেস্তিয়ান্নি আইন’ ভেঙে লাল কার্ড দেখলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা, উত্তপ্ত পরিস্থিতি, এরপর সরাসরি লাল কার্ড! ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মাঠের আচরণ নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। প্রতিপক্ষের খেলোয়াড়কে মুখের সামনে হাত রেখে কিছু বলার ঘটনায় ‘প্রেস্তিয়ান্নি আইন’ অনুযায়ী লাল কার্ড দেখেছেন সান্তোসের এই তারকা।
ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সেরি আয় শনিবার সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ১-১ গোলে ড্রয়ে। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমারের লাল কার্ড এবং মাঠে তাঁর আচরণ।
গত এপ্রিলে ফিফা নিয়ম করে, মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে কিছু বললে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালু করা হয়।
ওই ম্যাচে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু বলেছিলেন বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জানলুকা প্রেস্তিয়ান্নি। পরে তদন্ত শেষে তাঁকে ছয় ম্যাচ নিষিদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই ঘটনার সূত্র ধরেই নিয়মটি ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিতি পায়।
সান্তোস ও বাহিয়ার ম্যাচের প্রথমার্ধেই উত্তেজনার সূত্রপাত। বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের একটি ট্যাকলে ক্ষুব্ধ হয়ে তাঁর দিকে বল ছুড়ে মারেন নেইমার। এ ঘটনায় ব্রাজিলের সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি।
এরপর নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নেইমার তাঁকে ধাক্কা দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথমার্ধ শেষে নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান নেস্তর। স্পোরটিভিকে তিনি বলেন, নেইমার শুধু তাঁকেই নয়, বাহিয়া ক্লাবকেও অসম্মান করেছেন।
নেস্তর বলেন, ‘তিনি জানেন, আমাকে কী বলেছেন। কথাগুলো আমার এবং বাহিয়ার জার্সির প্রতি অসম্মানজনক ছিল। খেলোয়াড় হিসেবে তিনি সবার জন্যই আদর্শ। কিন্তু আজ যেভাবে কথা বলেছেন, তাতে একজন মানুষ হিসেবে তিনি ব্যর্থ।’
দ্বিতীয়ার্ধ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা মাঝমাঠে জড়ো হলে নেইমার ও নেস্তরকে প্রথমে হাসি-ঠাট্টা করতে দেখা যায়। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। কিক-অফের আগে আবার নেস্তরের কাছে ফিরে গিয়ে মুখের সামনে হাত রেখে কিছু বলেন নেইমার।
সঙ্গে সঙ্গে রেফারির কাছে অভিযোগ জানান নেস্তর। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা করে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি।
লাল কার্ড দেখার পর ক্ষুব্ধ হয়ে নেস্তরের দিকে তেড়ে যান নেইমার। সতীর্থরা তাঁকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির একপর্যায়ে বাহিয়ার কোচ সেনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন নেইমার।
ম্যাচ শেষে মুখের সামনে হাত রেখে কথা বলাটা ভুল হয়েছে বলে স্বীকার করেন নেইমার। তবে নেস্তরকে আপত্তিকর কিছু বলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
ঘটনাটি নিয়ে নেইমারের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন দেখার বিষয়। আপাতত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি মাঠের ফুটবলের চেয়ে নেইমারের লাল কার্ড ও বিতর্কিত আচরণের কারণেই বেশি আলোচনায় এসেছে।
