টাকা-গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে কিডনির সমস্যায় ভোগা ছেলের চিকিৎসার জন্য জমানো টাকা ও দুই ভরি সোনার গহনা নিয়ে স্ত্রী কুলসুম আক্তার তিশা (২৩) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বামী সোহাগ হোসেন (৩২)। এ ঘটনায় তিশা ও তার বোন কবিতার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সোহাগ ও তিশার বিয়ে হয়। পারিবারিক বিরোধের মধ্যে ১৮ অক্টোবর তিশার বোন কবিতা তাদের বাড়িতে বেড়াতে আসেন। ২০ অক্টোবর বিকেলে বোনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বের হন তিশা। সোহাগের অভিযোগ, তখন তিনি টাকা ও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের গহনা নিয়ে যান।
সোহাগ বলেন, পরদিন ২১ অক্টোবর সকালে যশোর বাস টার্মিনাল এলাকায় এক আত্মীয়ের কাছে ছেলেকে রেখে টয়লেটে যাওয়ার কথা বলে চলে যান তিশা। দীর্ঘ সময় অপেক্ষার পরও না ফেরায় স্বজনেরা শিশুটিকে সোহাগের কাছে হস্তান্তর করেন।
সোহাগের দাবি, তাদের ছেলে রোহান হাসান কিডনিজনিত সমস্যায় ভুগছে। আগামী ৩ বা ৪ নভেম্বর তাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়ার কথা। টাকা ও গহনা না থাকায় তিনি সংকটে পড়েছেন।
তবে তিশার মা আমেনা বেগম বলেন, তার মেয়ে কোনো নগদ টাকা নিয়ে যাননি। ব্যক্তিগত কিছু জিনিসপত্র তার কাছে থাকতে পারে। এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তিশা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেন তিনি।
এর আগেও স্বামী-স্ত্রীর বিরোধের জেরে আইনি পদক্ষেপের ঘটনা ঘটেছিল। পরে স্বামীর পরিবার যোগাযোগ করলে তিশা সংসারে ফিরে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights