শাকিল হত্যা: কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন ও যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম। আরও ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, হত্যাকাণ্ডের শিকার শাকিল ইসলামের বাবা রবিউল করিম দাবি করেছেন, তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত হাবিব ও ইরফান। দুজনেই যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেনের সহযোগী। মৃত্যুর আগে শাকিল দুজনের নাম জানিয়েছেন বলে দাবি তার। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার রহস্য উন্মোচন হতে পারে বলে দাবি শাকিলের বাবার।
এদিন একই অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার দাবি, রাসেল হোসেন আমেরিকা থেকে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ও ইরফান এলাকায় ‘চাটা গ্রুপে’র সহযোগী হিসেবে পরিচিত। এই গ্রুপের মূলহোতা যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসেন। অভিযুক্ত হাবিব ও ইরফান এক সময় আওয়ামীলীগপন্থী ছিলেন। সেই সময় এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের এই গ্রুপে রয়েছে আরো অনেক সহযোগী। এলাকায় তারা বেশ ক্ষমতাধর হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেন না।
এ বিষয়ে নাটোর গোয়েন্দা ডিবি পুলিশের (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তদন্তে পুলিশ অনেক তথ্য পেয়েছে, তবে তদন্তের কারণে কিছু বলা যাচ্ছে না। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।
