ইরান যুদ্ধে কতজন সেনা নিহত, পরিসংখ্যান প্রকাশ পেন্টাগনের

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দু’জনই দেশটির বিমানবাহিনীর সদস্য। তবে তারা যুদ্ধের সরাসরি সংঘর্ষে নিহত হননি বলে জানিয়েছে পেন্টাগন।

ইরানের দাবি, মার্কিন বাহিনীর প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন থেকে প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে এই দুই সেনার নাম যুক্ত করেছে। তাদের মৃত্যু দু’টি পৃথক অযুদ্ধজনিত ঘটনায় হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত দুই সেনার একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর ঘটনা যুদ্ধের সরাসরি সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়েছে।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনাসদস্যদের মধ্যে কতজন সরাসরি হামলা বা সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হয়নি।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights