ব্রডগেজ সম্প্রসারণ শেষে পঞ্চগড়-কক্সবাজার রেল চালুর পরিকল্পনা

পঞ্চগড় প্রতিনিধি

পর্যায়ক্রমে দেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তরের কাজ শেষ হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর যৌক্তিকতা নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রেলওয়ের মহাপরিচালক বলেন, পঞ্চগড় থেকে আপাতত একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১৮টি নতুন কোচ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০টি কোচ দেশে আসবে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচ পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। কোচগুলো দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইন সম্প্রসারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়। আমাদের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর হয়নি। এই কাজ শেষ হলে পঞ্চগড় থেকে কক্সবাজার রেল লাইনের যৌক্তিকতা আছে কিনা দেখা হবে। একই সঙ্গে এই পথে যাত্রী রয়েছে কিনা সেটি যাচাই করা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, এ বিষয়ে আগে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে বাংলাবান্ধার ওপারে ভারতের সঙ্গে রেলপথের সংযোগ না থাকায় এ প্রকল্প থেকে প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগ সুবিধা পাওয়া সম্ভব নয়।

তবে উভয় দেশ সম্মত হলে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান রেলওয়ের মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights