মাথায় আঘাত পেতে হাসপাতালে নিউজিল্যান্ডের ওপেনার
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। এবার অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে। ফলে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। এতে দুজনই মাটিতে পড়ে যান। পরে দলের চিকিৎসকেরা দ্রুত তাঁদের কাছে ছুটে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তাঁর মাথায় আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এদিকে ম্যাট হেনরির অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে কনকাশন পরীক্ষা শেষে তাঁকে সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
কনওয়ের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্টকে একাদশে দেখা যেতে পারে। শুরুতে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনায় থাকলেও সোমবার তাঁকে পুরো ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। তবে শেষ দুটি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে নামছে দলটি।
আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
